তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যাকে মারধর ও গহনা খোয়া যাওয়ার ঘটনায় গ্রেফতার ২
দি নিউজ লায়নঃ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যাকে মারধর এবং সোনার কানের দুল, হার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় বিজেপির দু’জনকে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে জামালপুর থানা এলাকায়। ধৃতদের নাম মুক্তিপদ কোলে ও চরণ দাস। জামালপুর থানার হৈবতপুরে তাদের বাড়ি। সোমবার রাতে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে।
পুলিস জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ জামালপুর পঞ্চায়েত সমিতির সদস্যা অঞ্জনা দলুই ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূল কার্যালয়ে কয়েকজনের সঙ্গে আলোচনা করছিলেন। সেই সময় বিজেপির লোকজন রড, লাঠি প্রভৃতি নিয়ে তাঁদের উপর হামলা চালায়। পঞ্চায়েত সমিতির সদস্যাকে মারধর করা হয়। তাঁর চোখে আঘাত লাগে। তিনি সংজ্ঞা হারান।
তাঁর সোনার হার, কানের দুল ও মোবাইল খোয়া যায়। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়। রাতেই তিনি ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তকারী অফিসারের কাছে সপ্তাহে ১ দিন হাজিরা এবং অভিযোগকারী ও ঘটনার সাক্ষীদের ভীতি প্রদর্শন না করার শর্তে ধৃতদের জামিন মঞ্জুর করেন সিজেএম।

Post a Comment